news

অস্ট্রেলিয়ায় শায়খ আহমাদুল্লাহর দাওয়াতি সফর

২৯ সেপ্টেম্বর, ২০২৫, রাত ১২:০০

প্রবাসী বাংলাদেশিদের দাওয়াতি সংগঠন ফজর গ্রুপের আমন্ত্রণে অস্ট্রেলিয়া সফর করেছেন প্রখ্যাত ইসলামিক স্কলার, লেখক, খতিব ও দাঈ শায়খ আহমাদুল্লাহ। 


১৭ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর এগারো দিনের সফরে তিনি বেশ কিছু দাওয়াতি প্রোগ্রামে অংশগ্রহণ করেন। দাওয়াতি প্রোগ্রামের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন মিলনমেলায়ও অংশ নেন তিনি। শায়খ আহমাদুল্লাহর এই সফরকে কেন্দ্র করে সিডনি প্রবাসী বাংলাদেশিদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি শায়খ আহমাদুল্লাহকে ফুল দিয়ে বরণ করছেন
সফর কালে শায়খ আহমাদুল্লাহ প্রবাসী বাংলাদেশিদের বসবাসরত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন, তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ও করেন। প্রবাসীদের বড় একটা অংশ সাধারণত পারিবারিক সমস্যা ও দাম্পত্য সম্পর্কীয় বিভিন্ন জটিলতায় ভোগেন। শায়খ আহমাদুল্লাহ কুরআন-সুন্নাহর আলোকে প্রবাসীদের পরিবারিক সংকট সমাধান ও সুখীময় দাম্পত্য জীবন গঠনে বিভিন্ন দিকনির্দেশনা দেন।


১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সিডনির সবচেয়ে দৃষ্টিনন্দন মসজিদ আল বাইত আল ইসলামে জুমার খুতবা ও ইমামতি করেন শায়খ আহমাদুল্লাহ। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহীম আবু মুহাম্মাদ।

মসজিদ আল বাইত আল ইসলামে জুমার খুতবা
২০ সেপ্টেম্বর সিডনির ডায়মন্ড ভেন্যুস গ্রুপ মিলনায়তনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক দ্বীনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন শায়খ আহমাদুল্লাহ। দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী বক্তব্য ও শ্রোতাদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। আয়োজকদের মতে, প্রবাসে তাদের আয়োজিত অনুষ্ঠানগুলোর মধ্যে এটি ছিল উপস্থিতির দিক থেকে সবচেয়ে বড় দ্বীনি সমাবেশ।

তবে আসন সংখ্যা সীমিত হওয়ায় অনেক দর্শক অংশ নিতে পারেন নি। তাই একই ভেন্যুতে ২৬ সেম্টেম্বর আরেকটি দ্বীনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শায়খ আহমাদুল্লাহ ‘প্র্যাক্টিসিং ইসলাম ইন মাল্টি কালচারাল সোসাইটি’ শীর্ষক বিষয়ে ঘণ্টাব্যাপী বক্তব্য প্রদান করেন।

ফজর গ্রুপ আয়োজিত অনুষ্ঠান
শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘বহু সংস্কৃতির সমাজে ইসলামি জীবনধারায় চলতে হলে নিয়মিত ইসলাম চর্চা ও অনুশীলনের ভেতর থাকতে হবে। অন্যথায় ভিন্ন কালচারের প্রভাবে ইসলামি জীবনধারা থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’ তাই প্র্যাক্টিসিং মুসলিম হতে অস্ট্রেলিয়া প্রবাসীদের উদ্দেশে শায়খ আহমাদুল্লাহ বিশেষভাবে আহ্বান জানান।


প্র্যাক্টিসিং মুসলিম হওয়ার জন্য শায়খ আহমাদুল্লাহ প্রবাসীদেরকে সাতটি পয়েন্টে দিকনির্দেশনা দেন। ১. ঈমান মজবুতকরণ ২. দ্বীনের বেসিক নলেজ অর্জন ৩. সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে সালাত আদায় ৪. নিয়মিত কুরআন তিলাওয়াত ও শয়তান থেকে আত্মরক্ষার জিকির-আজকার পাঠ ৫. দ্বীনদার মুসলিম সোসাইটি ও সার্কেল মেইনটেন ৬. প্রবাস জীবনে দাওয়াতি কাজের সঙ্গে জড়িয়ে থাকা ৭. ঈমান-আমল রক্ষায় আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করা 


এছাড়াও শায়খ আহমাদুল্লাহ সেন্ট মেরিস মসজিদ, ক্যানবেরার গুঙ্গাহলিন মসজিদসহ বিভিন্ন দ্বীনি মজলিস ও ঘরোয়া আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের কুরআন-সুন্নাহভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন।

শ্রেুাতাদের একাংশ
২৬ সেম্টেম্বর অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ও আল আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. ইব্রাহীম আবু মুহাম্মাদ শায়খ আহমাদুল্লাহকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান এবং উলংগংয়ে অবস্থিত ইমাম নববী সেন্টার ঘুরে দেখান। স্থানীয় মুসলিমরা চাঁদ দেখা নিয়ে তিন গ্রুপে বিভক্ত। এই সময়ে তিনি এক দিনে ঈদ ও রোজা পালনের সম্ভাব‍্যতা নিয়ে গ্র্যান্ড মুফতির সঙ্গে মতবিনিময়ও করেন।


এগারো দিনের এই দাওয়াতি সফরের সর্বশেষ দিন তিনি লাকেম্বায় প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে পরিচালিত দারুল উলুম মাদরাসা মসজিদে ‘অধুনাকালের ফিতনা, ঈমান রক্ষার চ্যালেঞ্জ ও করণীয়’ বিষয়ে জুমার খুতবা প্রদান করেন।


দাওয়াতি কাজের পাশাপাশি এই সফরে শায়খ আহমাদুল্লাহ অস্ট্রেলিয়ার বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানও পরিদর্শন করেন।


২৭ সেপ্টেম্বর, এগারো দিনের দাওয়াতি সফর শেষে শায়খ আহমাদুল্লাহ মালয়েশিয়া এয়ারলাইন্সে দেশে ফেরেন।