প্রধানমন্ত্রীর সঙ্গে শায়খ আহমাদুল্লাহর বৈঠক
৯ মার্চ, ২০২৬, দুপুর ০৪:৪৩
যাকাত ব্যবস্থাপনাকে সুসংগঠিত, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ, সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে, ৮ মার্চ প্রধানমন্ত্রী যাকাতের সঠিক ব্যবস্থাপনা ও এর কার্যকর করার বিষয়ে মতামত ও পরামর্শ জানতে শায়খ আহমাদুল্লাহকে বিশেষভাবে আমন্ত্রণ জানান।
বৈঠকে যাকাত ব্যবস্থার আধুনিকায়ন, দেশে যাকাত সংগ্রহের বিপুল সম্ভাবনা এবং সুষম বণ্টনের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের কার্যকর কৌশল ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে যাকাত নিয়ে কাজ করার অভিজ্ঞতার আলোকে শায়খ আহমাদুল্লাহ বিভিন্ন বাস্তবভিত্তিক পরামর্শ উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী সেগুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং আমলে নেন। বৈঠকে একটি কার্যকর ও শক্তিশালী যাকাত ব্যবস্থাপনা কমিটি গঠনের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।