সিয়াম যদি সামগ্রিক জীবনকে নিয়ন্ত্রণ করতে না পারে, তবে তা সার্থক সিয়াম নয় : শায়খ আহমাদুল্লাহ
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, দুপুর ০২:৪৮
শায়খ আহমাদুল্লাহ
গতকাল (২৭ ফেব্রুয়ারি) শুক্রবার রাজধানীর মসজিদ-উত-তাকওয়ার উদ্যোগে জীবনগঠনমূলক ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত আলোচক, লেখক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
সেখানে তিনি রমাদানের দর্শন ও তাৎপর্য বিষয়ে ঘণ্টাব্যাপী বক্তব্য প্রদান করেন।
শায়খ আহমাদুল্লাহ বলেন, পৃথিবীতে মানুষ সাধারণত যত অপরাধ করে, তার মূলে থাকে দুটি প্রবৃত্তি—ক্ষুধাবৃত্তি ও যৌনবৃত্তি। এই দুই প্রবৃত্তির নিয়ন্ত্রণই হলো সিয়ামের মূল কথা। সিয়ামের অর্থও বিরত থাকা। একজন মানুষের সামনে খাবার রয়েছে, তীব্র ক্ষুধা রয়েছে, কেউ দেখছে না—চাইলেই সে খেতে পারে; কিন্তু সে খায় না। এটাই আত্মনিয়ন্ত্রণের বাস্তব প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মাধ্যমে একজন মানুষ তার সামগ্রিক জীবনকে আল্লাহভীতির অধীন নিয়ে আসতে সক্ষম হন—এটাই সিয়ামের প্রকৃত উদ্দেশ্য।
তিনি আরও বলেন, সিয়াম যদি মানুষের সামগ্রিক জীবনকে নিয়ন্ত্রণ করতে না পারে, তবে তা প্রকৃত অর্থে সার্থক সিয়াম নয়।

এছাড়া তিনি সিয়ামের বহুমাত্রিক শিক্ষা ও প্রভাবের দিক তুলে ধরেন এবং উপস্থিত মুসল্লিদেরকে রমাদানের অপার সুযোগকে কাজে লাগিয়ে আত্মগঠন, নৈতিক উন্নয়ন, চারিত্রিক শুদ্ধতা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার উদাত্ত্ব আহ্বান জানান।
মাহফিলে ধানমন্ডির মসজিদ-উত-তাকওয়া সোসাইটির খতিব মুফতি সাইফুল ইসলামসহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।