মালয়েশিয়া সফর করেছেন শায়খ আহমাদুল্লাহ
২৪ সেপ্টেম্বর, ২০২৬, দুপুর ০২:৫২
বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আমন্ত্রণে সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন শায়খ আহমাদুল্লাহ। ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার মালয়েশিয়ায় গমন করেন তিনি।
১৫ থেকে ২৩ সেপ্টেম্বর মোট ৯ দিনের এই সফরে শায়খ আহমাদুল্লাহ বিভিন্ন দাওয়াতি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির বিভিন্ন স্থান ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি বিশেষভাবে প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
১৬ সেপ্টেম্বর (বুধবার) কুয়ালালামপুরে আয়োজিত ‘জীবনের সন্ধানে—Faith, Purpose & Brotherhood’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন শায়খ আহমাদুল্লাহ। মুসলিম কমিউনিটি মালয়েশিয়া আয়োজিত অনুষ্ঠানটি কুয়ালালামপুরের হোটেল কুয়ালালামপুর ইন্টারন্যাশনালের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়। এতে শায়খ আহমাদুল্লাহর সঙ্গে বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশের আরেক সুপরিচিত ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী।
এরপর ২০ সেপ্টেম্বর কুয়ালালামপুরে আরও একটি অনুষ্ঠানে অংশ নেন শায়খ আহমাদুল্লাহ। এটি ছিল ‘ইউথ কমিউনিটি বাংলাদেশ’ আয়োজিত অনুষ্ঠান। এতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তার সাক্ষাৎ ও মতবিনিময় হয়।
এ সফরে একদিন তিনি বিশ্বখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পরস্পরে হাদিয়া বিনিময় করেন। শায়খ আহমাদুল্লাহ নিজের সংকলিত একটি বই তাকে উপহার দেন, আর ড. জাকির নায়েক তাকে দেন আতর উপহার।
এ ছাড়া সফরকালে মালয়েশিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন শায়খ আহমাদুল্লাহ। এর মধ্যে বিশেষভাবে তিনি পাহাড়ি অঞ্চল ক্যামেরন হাইল্যান্ডে যান। সেখানে চা, স্ট্রবেরি ও আঙুরের বাগান পরিদর্শন করেন। এ সময় পাহাড়ের চূড়ায় বিভিন্ন কাজে নিয়োজিত কয়েকজন প্রবাসী বাংলাদেশির সঙ্গেও তার সাক্ষাৎ হয়।
২৩ সেপ্টেম্বর (বুধবার) সফর শেষে দেশে ফেরেন শায়খ আহমাদুল্লাহ।