প্রকাশিত হয়েছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই
৩ অক্টোবর, ২০২৬, দুপুর ০৩:৫৩
শায়খ আহমাদুল্লাহ
বিশিষ্ট দাঈ, লেখক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর নতুন বই ‘ঘুমের আগের দুআ-যিকির ও আমল’ প্রকাশিত হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত হয় বইটি। আজ শনিবার বাইতুল মোকাররম ইসলামি বইমেলার ৮৮ নম্বর স্টলে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
ঘুমের আগের সময়টি ছিল নবীজি (সা.)-এর দুআ-যিকির ও আমলে পরিপূর্ণ। অথচ বর্তমানে এই সময়টি দখল করে নিয়েছে মোবাইল স্ক্রলিং। ঘুমের আগের সময়টিকে ফলপ্রসূ ও বরকতময় করে তুলতেই শায়খ আহমাদুল্লাহ রচনা করেছেন এই বই।
বইটির নির্ধারিত মূল্য ১০০ টাকা। দেশের যেকোনো স্থান থেকে অনলাইন বুকশপ রকমারি, ওয়াফিলাইফ, নাফিউনসহ অন্যান্য বুকশপে বইটি পাওয়া যাচ্ছে। এ ছাড়া অভিজাত বইয়ের দোকানগুলো থেকেও বইটি সংগ্রহ করা যাবে।
বইটির ফ্ল্যাপে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন—
‘শত ব্যস্ততার মাঝেও ঘুমের আগের যে আমলসমূহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়মিত করতেন, সেই আমলগুলো কি আমরা অনিয়মিতও করতে পারি?
এই ছোট্ট পুস্তিকা বদলে দিতে পারে আপনার বাসার রাতের পরিবেশ। বিছানায় যাওয়ার আগে মোবাইল দূরে রেখে সপরিবারে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমলগুলো করছেন—এটি আপনার বাসার এক জান্নাতি দৃশ্য হতে পারে।
সুন্নাহ পালনের মাঝেই নিহিত আছে আমাদের উভয় জগতের কল্যাণ। রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহর অনুসরণ এবং সীমাহীন সওয়াব লাভের পাশাপাশি জিন, জাদু ও শয়তানের অনিষ্ট থেকে মুক্তি পাওয়ার রক্ষাকবচ হতে পারে এই পুস্তিকা।
আমাদের প্রশান্ত রাত, নিরাপদ পরিবার আর সুন্নাহময় জীবনের পথে আরও একধাপ এগিয়ে যেতে এই পুস্তিকা হোক আপনার প্রতিরাতের সঙ্গী।’
বাংলা ভাষায় ঘুমের আগের দুআ-যিকির ও আমল নিয়ে স্বতন্ত্র বই সম্ভবত এটিই। এমনকি উর্দু ও আরবি ভাষাতেও এ বিষয়ে স্বতন্ত্র বই খুব একটা পাওয়া যায় না। যা আছে, সেগুলোর কোনো কোনোটি বড় বইয়ের একটি অধ্যায় হিসেবে রয়েছে। আশা করা হচ্ছে, বইটি বাংলাভাষী মুসলিমদের প্রতিরাতের সঙ্গী হয়ে উঠবে।
উল্লেখ্য, এর আগে শায়খ আহমাদুল্লাহর সংকলিত সকাল-সন্ধ্যার দুআ-যিকিরের বই এবং পাঁচ ওয়াক্ত সালাত-পরবর্তী দুআ কার্ড এ পর্যন্ত ১২ লক্ষাধিক মানুষের হাতে পৌঁছেছে।