news

শসোমেকে শায়খ আহমাদুল্লাহ : নিরাপদ জীবন নিশ্চিতে চিকিৎসকদের সচেতনতা তৈরির আহ্বান

৮ অক্টোবর, ২০২৬, রাত ০৯:৩০

‘এ দেশের মানুষের সবচেয়ে বড় কষ্টগুলোর একটি অসুস্থতা। একজন মানুষ মাসে যত টাকা উপার্জন করেন, তার বড় একটি অংশই চলে যায় চিকিৎসার পেছনে। আমাদের জীবনযাপনের পরিবেশও বড় অনিরাপদ। স্বাধীনতার ৫২ বছর পেরোলেও আমরা দ্বিধাহীনভাবে এক বোতল পানি পান করতে পারি না, নিশ্চিন্তে কোনো খাবার কিনে খেতে পারি না। ভোক্তা অধিদপ্তর অভিযান চালালেই দেখা যায়, দোকানে দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য ও অনিরাপদ খাবারের ছড়াছড়ি। এমন দেশে সুস্থভাবে বেঁচে থাকা নিঃসন্দেহে কঠিন।’

 

৮ অক্টোবর, বৃহস্পতিবার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উদ্যোগে আয়োজিত ‘সীরাত সেমিনার ’২৬’-এ প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন বিশিষ্ট ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সেমিনারে ‘The Prophetic Physician: Seerah, Knowledge & The Mission of Healing’—নববী চিকিৎসাপদ্ধতি: সীরাত, জ্ঞান ও নিরাময়ের মহান ব্রত বিষয়ে বক্তব্য দেন তিনি।



এসময় তিনি মহানবী মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, শারীরিক ও আত্মিক স্বাস্থ্যের গুরুত্ব এবং চিকিৎসা সেবার সাথে ইসলামিক মূলবোধের মেলবন্ধন নিয়ে দীর্ঘ দেড় ঘন্টাব্যাপী আলোচনা করেন। 

 

চিকিৎসা পেশায় জড়িতদের উদ্দেশ্যে তিনি ড. আবদুল্লাহ জাহাঙ্গীর (রহ.)-এর উদ্বৃতি উল্লেখ করে বলেন, কীসে আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট কিংবা অসন্তুষ্ট হন? ঈমান আনার পর মানুষ যখন মানুষের উপকার করে, তখন আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। আর কুফর তথা আল্লাহর প্রতি অবিশ্বাসের পর মানুষ যখন মানুষের ক্ষতি করে, তখন আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন।

 

তিনি আরও বলেন, ‘কেউ আল্লাহকে সন্তুষ্ট করতে চাইলে তার উচিত আল্লাহর প্রতি দৃঢ় ঈমান আনা এবং মানুষের সেবা করা। আর এই কাজটি সবচেয়ে ভালোভাবে করার সুযোগ পান চিকিৎসকেরা। কারণ, মানুষ তার সবচেয়ে কঠিন সময়ে চিকিৎসকের শরণাপন্ন হন। সে সময় আপনারা যদি আন্তরিকভাবে মানুষের সেবা করেন, তবে আল্লাহ সন্তুষ্ট হবেন। মানুষও আপনাদের জন্য দোয়া করবেন।’

 

এ ছাড়া সুস্থ জীবনযাপনে মহানবী (সা.)-এর নির্দেশনা ও সুন্নাহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রায় পাঁচশত শিক্ষার্থী, শিক্ষক ও চিকিৎসক।