সমৃদ্ধ দেশ গঠনে নৈতিক প্রজন্ম গড়ে তোলার বিকল্প নেই : শায়খ আহমাদুল্লাহ
১৬ মে, ২০২৬, দুপুর ০৪:৫৬
আজ (১৬ মে, শনিবার) আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘জেনজি ইম্পেক্ট লিডার প্রোগ্রাম-২০২৬’। এতে শায়খ আহমাদুল্লাহ তরুণদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক নসীহা করেন।
দেশপ্রেমিক, দক্ষ ও নৈতিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন নিরন্তর কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসাবে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। এতে দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের ৬৩টি ক্লাবের ১২০ জন মেধাবী তরুণ অংশগ্রহণ করেন।
তরুণদের উদ্দেশে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘তোমাদের ওপরই নির্ভর করছে আগামীর দেশ, জাতি এবং উম্মাহর ভবিষ্যৎ। তোমরাই আগামী নির্মাণ করবে। সুতরাং তোমাদের আমরা এমনভাবে দেখতে চাই যে, শিক্ষা-দীক্ষায় যেমন দক্ষ হবে, তেমনি আখলাক ও চরিত্রেও হবে আদর্শবান। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তোমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘যোগ্য নেতৃত্বের অভাব পূরণে তরুণদের এখনই প্রস্তুতি নিতে হবে। উম্মাহর প্রতি দরদ নিয়ে তোমাদের এগিয়ে আসতে হবে। নিজেদের আইডেন্টিটি রক্ষায় যত্নবান হতে হবে। শত প্রতিকূলতার মধ্যেও আত্মপরিচয়ে অটুট থাকতে হবে।’
এ সময় তিনি তরুণদের জীবনমুখী বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ। তিনি ফাউন্ডেশনের বর্তমান নানামুখী কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তরুণদের মানবিক ও সামাজিক কাজে সক্রিয় হওয়ার উদাত্ত আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারী তরুণদের আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্প ঘুরিয়ে দেখানো হয়। তারা ফাউন্ডেশন পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, মসজিদ কমপ্লেক্স ও মাদরাসা পরিদর্শন করেন।
