আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শায়খ আহমাদুল্লাহ
১৮ আগস্ট, ২০২৬, রাত ১০:০০
১৮ আগস্ট, মঙ্গলবার রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (AUST) ‘হেদায়াতুস সাহম’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ড. এম. এইচ. খান অডিটোরিয়ামে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
Beyond the Degree: The Ummah Needs Your Potential (ডিগ্রির বাইরেও উম্মাহর জন্য আপনার সম্ভাবনা প্রয়োজন)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সেমিনারের মূখ্য আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
তরুণদের উদ্দেশ্যে বক্তব্যে শায়খ আহমাদুল্লাহ নবী করিম (সা.)-এর তারুণ্যের জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তারুণ্য হেয়ালিপনার বয়স নয়; বরং নিজেকে উম্মাহর জন্য প্রস্তুত করার সময়। নবী করিম (সা.) তখনো নবুওয়াতপ্রাপ্ত হননি। কিন্তু তারুণ্যেই তিনি মানুষের কল্যাণে বহুবিধ কাজে যুক্ত হয়েছেন। মানুষের অধিকার ও কল্যাণে কাজ করার লক্ষ্যে গঠিত ঐতিহাসিক ‘হিলফুল ফুযুল’-এও তিনি যুক্ত হন। তাই তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারুণ্যের এই মূল্যবান সময় হেলায় নষ্ট করা যাবে না।
তিনি তরুণদের সময়ের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে আরো বলেন, জীবনের এই মূল্যবান সময়কে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য, আদর্শিক ও নৈতিকভাবে দৃঢ় করে গড়ে তুলতে হবে। অর্জিত জ্ঞান ও দক্ষতাকে শুধু ব্যক্তিগত ক্যারিয়ারের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশ, সমাজ ও উম্মাহর কল্যাণে কাজে লাগানোরও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল হক। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।