news

শায়খ আহমাদুল্লাহর ইমামতিতে উন্মুক্ত মাঠে ঈদের সালাত ও আনন্দ আয়োজন অনুষ্ঠিত

৩১ মার্চ, ২০২৬, দুপুর ১০:৪১

রাজধানীর বাড্ডার সাতারকুলের স্বদেশ প্রপার্টিজে আস সুন্নাহ’র মসজিদ কমপ্লেক্স সংলগ্ন মাদরাসাতুস সুন্নাহর খোলা মাঠে চতুর্থবারের মতো ঈদুল ফিতরের জামাত ও আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। নামাজের ইমামতি করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।



শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয় এই জামাত। এতে অংশগ্রহণ করেছেন প্রায় দশ হাজার মানুষ। 


আগত সকলকে খেজুর, পায়েস ও কফি দিয়ে আপ্যায়ন করা হয়। সেই সঙ্গে ঈদগাহকে শিশুবান্ধব করার জন্য শিশুদের জন্য বিনামূল্যে বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা ছিল। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়ার জন্য ছিল মেডিকেল ক্যাম্প। এছাড়াও আফতাবনগর গেট থেকে সীমিত পরিসরে ছিল পরিবহন ব্যবস্থা।



নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শায়খ আহমাদুল্লাহ। এ সময় তিনি বলেন, উন্মুক্ত মাঠে ঈদের নামাজ পড়া সুন্নাহ। আর মাঠে আদায় করলে ঈদের আনন্দটা পূর্ণতা পায়। 


 

ঈদের আনন্দকে উৎসবমুখর ও শিশুবান্ধব করার জন্য ছিল ট্রেন, জাম্পিং, পার্ক ও খেলাধূলার জন্য খোলা মাঠ। এসব আয়োজন ঈদের দিনসহ পাঁচদিন বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত উন্মুক্ত ছিল। 




এছাড়া নারীদের জন্য ছিল শরয়ী পর্দার পূর্ণ ব্যবস্থার সঙ্গে নামাজের ব্যবস্থা এবং বিনামূল্যে মেহেদি উৎসব।


নামাজ শেষে শায়খ আহমাদুল্লাহ বিশ্বের যুদ্ধ পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, আমরা যেকোনো পরিস্থিতিতে মজলুমের জুলুমের অবসান কামনা করি। সেইসঙ্গে তিনি জ্বালানী সংকটসহ বর্তমান বৈশ্বিক সংকটে দেশবাসীকে সচেতন ও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে দেশের প্রতিটি ইঞ্চি মাটিকে আবাদ করার আহ্বান জানান।