শিক্ষার সঙ্গে মমতার সম্পর্ক অত্যন্ত গভীর : শায়খ আহমাদুল্লাহ
১৬ আগস্ট, ২০২৬, দুপুর ০৪:৩০
গতকাল (১৫ আগস্ট, শনিবার) রাজধানীর উত্তরার স্কলারস ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমির 'স্পেশাল প্যারেন্টিং সেশন ও সবক প্রদান অনুষ্ঠান ২০২৬'-অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নন্দিত আলোচক, ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে শায়খ আহমাদুল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি পবিত্র কুরআনের সুরা আর-রহমানের প্রথম আয়াতের ব্যাখ্যা করে বলেন, ‘শিক্ষার সঙ্গে মমতার সম্পর্ক অত্যন্ত গভীর। শিক্ষার্থীদের প্রতি পরম মমতা ধারণ করা ছাড়া কোনো শিক্ষক আদর্শ শিক্ষক হতে পারেন না।’
সুরা আর-রহমানের প্রথম আয়াতের তরজমা হলো, ‘যিনি পরম দয়ালু, তিনি কুরআন শিক্ষা দিয়েছেন।’ শায়খ আহমাদুল্লাহ বলেন, শিক্ষার সঙ্গে দয়ার কী সম্পর্ক! আল্লাহ যদি বলতেন, ‘যিনি মহাজ্ঞানী, তিনি শিক্ষা দিয়েছেন’—তাহলে হয়তো বিষয়টি বেশি উপযুক্ত মনে হতো। কিন্তু আল্লাহ তা বলেননি। সুতরাং এর মাধ্যমে শিক্ষার সঙ্গে দয়ার সম্পর্ক কতটা গভীর, তা বোঝা যায়। তিনি সকল শিক্ষককে গভীর মমতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। এ ছাড়া সন্তানের জীবন গঠনে অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ জনাব নূরুল ইসলাম মনি (এমপি)। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের নতুন সবক প্রদানের মাধ্যমে পবিত্র কুরআন হিফজের যাত্রা শুরু করা হয়। অভিভাবক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও নিবিড় মনোযোগে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সমাপ্ত হয়।
