news

সমাজসচেতন আদর্শ ইমাম তৈরিতে প্রশিক্ষণ দিচ্ছেন শায়খ আহমাদুল্লাহ

৮ জুলাই, ২০২৬, দুপুর ০১:৩৭

সৎ, নৈতিক ও কল্যাণমুখী আদর্শ সমাজ বিনির্মাণ ও সমাজে দ্বীনি দাওয়াহ কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ইমামদের প্রশিক্ষণ দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। শায়খ আহমাদুল্লাহর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায়  সারাদেশের বিভাগভিত্তিক নির্বাচিত ইমাম-খতিবদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এ প্রশিক্ষণ কর্মসূচি।

 

এ পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগসহ মোট তিনটি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বর্তমানে বিভিন্ন মসজিদে দায়িত্বরত ৩২০ জন ইমাম-খতিব।

 

শায়খ আহমাদুল্লাহ বলেন, একটি সমাজের ইমাম হলেন সেই সমাজের সবচেয়ে  শ্রদ্ধেয়, গ্রহণযোগ্য ও জনসম্পৃক্ত মানুষ। সুখে-দুঃখে, পারিবারিক সংকটে কিংবা শরয়ী বিধান জানাসহ জীবনের নানা ক্ষেত্রে মানুষ ইমামের শরণাপন্ন হোন। ইমামগণ যদি এ সুযোগকে কাজে লাগিয়ে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ সম্পর্কে সম্যক ধারণা নিয়ে পরিকল্পিতভাবে সমাজ গঠনে ভূমিকা রাখেন, তাহলে দুর্নীতিমুক্ত, সৎ ও নৈতিক সমাজ প্রতিষ্ঠা কেবল সময়ের অপেক্ষা মাত্র।

 

এই লক্ষ্যকে সামনে রেখেই এই প্রশিক্ষণে ইমামদেরকে সমসাময়িক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ২০টিরও বেশি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এর মধ্যে রয়েছে—লিডারশিপ ও পার্সোনাল ডেভেলপমেন্ট, দাওয়াহ ও মনস্তত্ত্ব, ইমোশোনাল ইন্টিলিজেন্স, মসজিদকে প্রোডাক্টিভ করার কৌশল, দাওয়ার ক্ষেত্রে মডার্ন টুলসের ব্যবহার ও ফ্যাক্ট চেকিং, পাবলিক স্পিকিং, ইফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, LGBTQ ও জেন্ডার ফিতনা : ভয়াবহতা ও জরুরি নিবেদন, দৈনন্দিন শরীরচর্চা : প্রয়োজনীয়তা। 

 

প্রশিক্ষণ প্রদান করেন সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞগণ। আর ‘আদর্শ ইমামের বৈশিষ্ট্য ও গুণাবলি’ বিষয়ে নিয়মিত একটি সেশন নেন শায়খ আহমাদুল্লাহ নিজেই। এতে তিনি ইমামদের দায়িত্ববোধ, বৈশিষ্ট্য, দাওয়াহর কৌশল এবং একজন ইমামের সমাজ পরিবর্তনে কার্যকর ভূমিকা নিয়ে বিস্তর প্রশিক্ষণ দেন। 

 

পর্যায়ক্রমে সারাদেশের  ইমাম-খতিবদের এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে।