news

মাদরাসা পরিচালকদের প্রশিক্ষণ দিলেন শায়খ আহমাদুল্লাহ

২৪ আগস্ট, ২০২৬, বিকাল ০৫:৪২

মাদরাসা শিক্ষার প্রশাসনিক কাঠামো শক্তিশালী করা এবং বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় মাদরাসা পরিচালকদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রশিক্ষণে ‘মাদরাসা শিক্ষার ভাবমূর্তি রক্ষা, সুশাসন ও সংকট উত্তরণের পথ’ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন শায়খ আহমাদুল্লাহ।



এ ছাড়া তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা দশটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণের উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে ছিল—এডুকেশনাল লিডারশিপ, ইমোশনাল ইন্টেলিজেন্স, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, আধুনিক আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটালাইজেশন ও আধুনিক টুলসের ব্যবহার, স্টুডেন্ট সাইকোলজি ও পার্সোনালিটি টাইপ (MBTI), আধুনিক পাঠদান পদ্ধতিসহ আরও বিভিন্ন বিষয়।


গত ২২ থেকে ২৪ আগস্ট রাজধানীর আফতাবনগরে অবস্থিত আস-সুন্নাহ ফাউন্ডেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ কর্মশালা। সোশ্যাল মিডিয়ায় প্রশিক্ষণের ঘোষণা প্রকাশের পরপরই কর্মশালাটি ব্যাপক সাড়া ফেলে। প্রশিক্ষণে অংশ নিতে দেশের ৪৯টি জেলার ৩ হাজার ৬৭৩ জন মাদরাসা পরিচালক, শিক্ষাসচিব ও আবাসিক ইনচার্জ আবেদন করেন। আসনসংখ্যা সীমিত থাকায় তাদের মধ্য থেকে বাছাই করা মাত্র ২১০ জন প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পান।


অংশগ্রহণকারী ওলামায়ে কেরাম এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, প্রথাগত মাদরাসা পরিচালনার বাইরে গিয়ে কর্পোরেট ও আধুনিক ব্যবস্থাপনার কৌশলগুলো শিখতে পেরে তারা অনেক উপকৃত হয়েছেন, যা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।


উল্লেখ্য, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আবাসন, খাবার ও প্রশিক্ষণসামগ্রী আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়। কোর্স শেষে অংশগ্রহণকারীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্রও তুলে দেওয়া হয়।


মাদরাসা শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ ও যুগোপযোগী প্রশাসনিক নেতৃত্ব গড়ে তুলতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এ ধরনের সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।