৩১৩-তম পর্বে শেষ হচ্ছে ‘শরয়ী সমাধান’ লাইভ অনুষ্ঠান।
১৯ আগস্ট, ২০২৬, দুপুর ১০:০৭
৩১৩-তম পর্বে শেষ হচ্ছে সাত বছর আগে শুরু হওয়া সাপ্তাহিক ‘শরয়ী সমাধান’ লাইভ অনুষ্ঠান।
আগামী শুক্রবারের অনুষ্ঠানের ভেতর দিয়ে এই দীর্ঘ পথচলার পরিসমাপ্তি ঘটতে চলেছে।
আল্লাহর অশেষ অনুগ্রহ ছাড়া দীর্ঘ সাত বছর ধরে একটি সাপ্তাহিক অনুষ্ঠান চালু রাখা কোনোভাবেই সম্ভব ছিল না।
আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও এই দীর্ঘ পথচলায় অন্যতম প্রধান ভূমিকা রেখেছে। এ জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।
৩১৩-তম পর্বের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করতে গিয়ে আনন্দ-বেদনার এক মিশ্র অনুভূতির মুখোমুখি হচ্ছি। সেই সাথে ফেলে আসা নানা স্মৃতিও চোখের সামনে ভেসে উঠছে।
অনুষ্ঠানটি বন্ধ করার প্রধান কারণ আমার ব্যস্ততা এবং প্রশ্নের উত্তর জেনে নেয়ার বিকল্প মাধ্যম তৈরি হওয়া।
আপনাদের মাসআলা জানার পথ সুগম করতে আস-সুন্নাহর ফাউন্ডেশন ইতোমধ্যে কল-সেন্টার তৈরি করেছে। যেখানে বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বিজ্ঞ মুফতিগণ ফোনকলের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।
সেই সাথে সরাসরি আমাদের অফিসে এসেও মাসআলা জানার সুযোগ রয়েছে।
তবে শুক্রবার লাইভ অনুষ্ঠান বন্ধ হলেও ওই সময়টাতে আমরা ভিন্ন দাওয়ামূলক প্রোগ্রামের পরিকল্পনা করেছি। এখন থেকে প্রতি শুক্রবার (২৮ আগস্ট থেকে) রাতে নবীজি (সা.)-এর একেকটি অবহেলিত সুন্নাহ সম্পর্কে ধারাবহিক আলোচনা করব, ইনশাআল্লাহ।
অবহেলিত সুন্নাহর পর ‘দারসুল কুরআন’ নামে কুরআনের তাফসির-বিষয়ক বিশেষ এক ধারাবাহিক অনুষ্ঠানের পরিকল্পনাও আমাদের রয়েছে।
দীর্ঘ সাত বছর ধরে আপনারা যেভাবে লাইভ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে রেখেছিলেন, আশা করছি, পরবর্তী অনুষ্ঠানগুলোতেও দোয়া, ভালোবাসা ও অংশগ্রহণের মাধ্যমে আপনারা আমাদের পাশে থাকবেন।
মহান আল্লাহ আমাদেরকে ইখলাস ও নিষ্ঠার সাথে দাওয়াতি কাজ অব্যাহত রাখার তাওফিক দান করুন। আমিন।